মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

প্রকাশ্য সড়কে স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা

বরগুনায় শত শত মানুষের উপস্থিতিতে স্ত্রীর সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদ্য বিয়ে করা তাঁর স্ত্রী হামলাকারীদের প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করেও স্বামীকে রক্ষা করতে পারেননি।

নিহত ব্যক্তির নাম শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫)।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। হত্যার সঠিক কারণ জানা যায়নি।

নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়ির চর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তাঁর বাবার নাম আ. হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র ছিলেন রিফাত।

হামলার পর গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, সন্ত্রাসী দুই যুবক ধারালো দা দিয়ে একের এর এক কোপাতে থাকে রিফাতকে।

এ সময় তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারী দুই যুবককে বারবার প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

তিনি একজনকে আটকানোর চেষ্টা করলে দ্বিতীয়জন হামলা চালায়, দ্বিতীয়জনকে থামানোর চেষ্টা করলেও অন্যজন রিফাতকে কোপাতে থাকে। আয়েশার চিৎকারে এলাকা প্রকম্পিত হলেও আশপাশের লোকজনের মধ্যে একজন ছাড়া আর কেউ ভয়ে এগিয়ে যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ঘটনাস্থলটি পুলিশের সিসি ক্যামেরার আওতায় ছিল বলে জানা গেছে। ভিডিও চিত্র এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিডিও চিত্রে যে দুজন সন্ত্রাসীকে কুপিয়ে জখম করতে দেখা গেছে তাদের একজনের নাম নয়ন বন্ড। আরেকজনের নাম রিফাত ফরাজী। তারা উভয়েই স্থানীয়ভাবে ছিনতাই ও মাদক কারবারসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এসব ঘটনায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে বলেও বরগুনা থানা সূত্রে জানা গেছে।

তবে কী নিয়ে এই হত্যাকাণ্ড তাত্ক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। একটি সূত্র বলছে, রিফাতের স্ত্রীর সঙ্গে একসময় হামলাকারী নয়ন বন্ডের প্রেমের সম্পর্ক ছিল।

এর সূত্র ধরে হামলার ঘটনাটি ঘটে থাকতে পারে। বিয়ের পর থেকেই আয়েশাকে উত্ত্যক্ত করতে থাকে নয়ন। রিফাতের বাবা দুলাল শরীফ গণমাধ্যমকে জানান, বিয়ের পর থেকেই তাঁর ছেলের বউকে উত্ত্যক্ত করতে থাকে নয়ন নামের এক যুবক। ফেসবুকে আজেবাজে কথা লিখতে থাকে। এ নিয়ে রিফাতের সঙ্গে নয়নের বিরোধ সৃষ্টি হয়।

বরগুনা থানার ওসি আবীর হোসেন মাহমুদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা গেছে। অভিযান চলছে। শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official