Category: সাংবাদিক বার্তা

  • সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

    সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

    ‘কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার বাদ জোহর নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। এসময় তাকে বিদায় জানাতে আসা সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন এবং শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।

    সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে নিজ অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদ রোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত্যুকালে আরিফিন তুষারের বয়স হয়েছিল ৩৮ বছর। দেড় বছর বয়সী পুত্র সন্তান, স্ত্রী, বাবা, মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হোসেন ভূঁইয়া। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তুষার ছিলেন সর্বজ্যেষ্ঠ।

    মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আরিফিন তুষারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মৃতদেহ বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেখানে আরিফিন তুষারের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বরিশাল প্রেসক্লাব, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, তার প্রিয় কর্মস্থল কালবেলা পরিবার, বার্তা সম্পাদক ফোরাম বরিশাল, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক সময়ের বার্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মরহুমের প্রথম জানাজা নামাজ হয়। জানাজার ইমামতি করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। এসময় আরিফিন তুষারের বাবা আবুল ভূঁইয়া, মেঝ ভাই হিমেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আবদুল মালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ন কবির, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ তুষারের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

    পরে মরদেহ তার নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে দ্বিতীয় জানাজা নাশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাড়াও প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

  • সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

    সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

    টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

    রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে মুন্নী সাহার নাম ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।

    বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তির সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

    জানা গেছে, সম্প্রতি মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে তিনি জানান, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না।

    ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কোণঠাসা অবস্থায় আছেন মুন্নী সাহা। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল।

    জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে যে ৭ সাংবাদিককে আসামি করা হয়েছে, তাদের মধ্যে একজন মুন্নী সাহা।

  • বরিশালে সাংবাদিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

    বরিশালে সাংবাদিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

    বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেছেন, অতীতে বহু সাংবাদিককে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। আহত করা হয়েছে অনেক সাংবাদিককে।

    সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
    রোববার (২৫ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

    তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৪ সাংবাদিক খুন, আহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে। নিহত ও আহত সাংবাদিকদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা প্রদান ও পরিবারের সদস্যদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে বন্ধ করে দেয়া সব গণমাধ্যম খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

    বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল পেশাজীবী সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক মো. হুমায়ুন কবির, দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডভোকেট মু. শাহে আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা ও দপ্তর সম্পাদক মামুন অর রশিদ।

    মানববন্ধনে বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকসহ বরিশাল নগরীর শতাধিক সাংবাদিক ও পেশাজীবী অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

  • দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন আরিফিন তুষার

    দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন আরিফিন তুষার

    জাতীয় দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফিন তুষার। আজ মঙ্গলবার (২৫ জুলাই) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা তাঁকে নিয়োগপত্র প্রদান করেন। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন আরিফিন তুষার।

    উল্লেখ্য, ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার। পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন।

    এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন। এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস-এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
    এর বাইরে বরিশালের শীর্ষ পেশাজীবী সংগঠন বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আরিফিন তুষার।

  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

    আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।

    অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

    গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্পাদক পরিষদ একটি আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়।

    ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

    সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।

  • সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া রবিউলের জন্মদিন আজ

    সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া রবিউলের জন্মদিন আজ

    নিজস্ব প্রতিনিধি
    ১২ই এপ্রিল এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

    জাকারিয়া রবিউল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন।
    তিনি নিউজফ্ল্যাশ৭১ এর মাল্টিমিডিয়া রিপোর্টার , দেশান্তর.কম এর সম্পাদক, বার্তা বিচিত্রার স্টাফ রিপোর্টার,নিউজ ভারত বাংলার স্টাফ রিপোর্টার এর পাশাপাশি মাল্টিমিডিয়া রিপোর্টার্স আ্যসোসিয়েশন (এমআরএ) এর সদস্য, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা,র সহ – সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন- Bhrc বরিশাল সদর উপজেলা শাখার সহকারী তথ্য সম্পাদক, ই-প্রেস ক্লাব এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।
    সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ জাকারিয়া রবিউল এর জন্মদিন এ অনেকে শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন

    বরিশাল শহরে আমানতগন্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ এম এ জলিলুর রহমান, মাতা নাজমুন নাহার।তারা ১ ভাই ১ বোন তিনি বড়।

    জাকারিয়া রবিউলের জন্মদিনে তার প্রতি প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

  • ডিজিটাল নিরাপত্তা মামলায় বরিশালে দুই সাংবাদিককে অব্যাহতি

    ডিজিটাল নিরাপত্তা মামলায় বরিশালে দুই সাংবাদিককে অব্যাহতি

    নিজস্ব প্রতিবেদক।।
    বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত।
    আজ বৃহস্পতিবার (২৩মার্চ) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই আদেশ দেন।

    মামলা সূ্ত্রে জানা যায়, বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে নিয়ে বরিশাল ক্রাইম নিউজে একটি সংবাদ প্রকাশ হয়।
    সেই ঘটনায় সাংবাদিক এস এন পলাশ ও খন্দকার রাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাউন্সিলর এনামুল হক বাহার।

    মামলাটি দীর্ঘদিন পরিচালিত হওয়ার পরে আজ বিচারক মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেন।

    সাংবাদিক এস এন পলাশ ঢাকা টাইমসের বরিশাল জেলা প্রতিনিধি ও খন্দকার রাকিব বরিশাল ক্রাইম নিউজের প্রকাশের দ্বায়িত্ব পালন করছেন।

  • ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

    ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

    স্টাফ রিপোর্টার: ‘গো উইথ মোজো অ্যান্ড মাল্টিমিডিয়া’ এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করলো বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোজো ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

    আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার (মোজো স্পেশালিষ্ট) যাকারিয়া ইবনে ইউসুফকে আহ্বায়ক এবং মানবজমিনের মাল্টিমিডিয়া হেড আলতাফ হোসাইনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নিউজ হান্টের ডিজিটাল হেড অমৃত মলঙ্গী এবং যায়যায়দিনের মাল্টিমিডিয়া হেড সাইফুল ইসলামকে।

    এছাড়া সদস্য হিসেবে যারা আছেন- আকরাম হোসেন নাঈম (ইত্তেফাক), মামুন সোহাগ (সময়ের আলো), রুকাইয়া জহির (টিবিএস), ফখরুল ইসলাম (যুগান্তর), রহমত উল্লাহ (আমার সংবাদ), ইসমাঈল সিরাজী (দেশ রুপান্তর), মো. আখতারুজ্জামান (ঢাকা পোষ্ট)।

    অনুষ্ঠানে জানানো হয়, ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য সংগ্রহ এবং সংগঠনের নীতিমালা প্রণয়ন সহ যাবতীয় কাজ সম্পন্ন করবে।

  • মাসুদ রানার মৃত্যুতে বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক

    মাসুদ রানার মৃত্যুতে বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক

    খবর বিজ্ঞপ্তি ॥ দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানা মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    ১৬ জানুয়ারী মধ্য রাতে তিনি শরিয়াতপুরের জাজিরায় সড়ক দূর্ঘটনায় নিহত হন।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সংগঠনের সদস্যরা।

    সংগঠনের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক শোক বার্তায় জানানো হয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

  • সংবাদকর্মী ও নাট্যকর্মী বেলায়েত বাবলুর জন্মদিন আজ

    সংবাদকর্মী ও নাট্যকর্মী বেলায়েত বাবলুর জন্মদিন আজ

    বরিশালের সংবাদকর্মী ও নাট্যকর্মী বেলায়েত বাবলুর জন্মদিন ১০ অক্টোবর । ১৯৭৬ সালের এই দিনে তিনি নগরীর কাটপট্টি রোডস্থ নানা বাড়িতে জন্মগ্রহন করেন। পিতা খোকা মিয়া ও মাতা রেবা বেগমের সন্তানদের মধ্যে ছোট বেলায়েত বাবলু ১৯৯৪ সালে সরকারি বরিশাল কলেজে একাদশ শ্রেনিতে অধ্যায়নরত অবস্থায় বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকায় শিক্ষানবীশ সাংবাদিক হিসেবে সাংবাদিতকা শুরু করেন।
    একই সময় থেকে সে নাট্যজন সৈয়দ দুলাল সম্পাদিত আনন্দ লিখন পত্রিকায় যুক্ত হন। পেশাগত জীবনে বেলায়েত বাবলূ দৈনিক শাহনামা পত্রিকার পাশাপাশি দৈনিক বাংলার বনে পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক আজকের বার্তার স্টাফ রিপোর্টার , আজকের পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক , বিপ্লবী বাংলাদেশ ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক , আজকের বরিশাল পত্রিকার বার্তা প্রধান, আজকাল পত্রিকার সহযোগী সম্পাদক (খন্ডকালীন সময়) এবং জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার ও বন্ধ হয়ে যাওয়া জাতীয় দৈনিক সকালের খবর পত্রিকায় বরিশাল অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক মতবাদ পত্রিকায় মফস্বল সম্পাদকের দায়িত্ব পালন করেন। বতর্মানে বার্তা প্রধান হিসেবে কাজ করছেন দৈনিক বরিশাল অঞ্চল পত্রিকায়।

    এছাড়া বেলায়েত বাবলু যুগান্তর পত্রিকায় কর্মরত অবস্থায় প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনে যোগ দিয়ে টানা ৫ বছর বিসিসির মিডিয়া সংক্রান্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিয়মিত স্টাফ হিসেবে বিসিসির কর ধার্য শাখায় কর নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদকর্মী হিসেবে বেলায়েত বাবলু আজকের বার্তা পত্রিকায় কর্মরত অবস্থায় বর্তমান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লবারের সদস্য পদ লাভ করে এবং বিভিন্ন সময়ে নির্বাচন ও মনোনীত হিসেবে প্রেসক্লাবের কার্যকরী কমিটির পাঠাগার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    এছাড়া বরিশাল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্রাবস্থায় ২০০০ সালে সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বেলায়েত বাবলু ছাত্রলীগের প্যানেল থেকে সহ- নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। বাঙ্গালী জাতীয়তবাদে বিশ্বাসী বেলায়েত বাবলু টানা ১০ বছর বঙ্গবন্ধুু সাংস্কৃতিক জোট, বরিশালের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    এছাড়া একজন নাট্যকর্মী হিসেবে তিনি বেশ কয়েকটি মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেন। বরিশালের এক সময়ের সাড়া জাগানো নাট্য সংগঠন প্রজন্ম নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন। তিনি সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন । ১৫ বছরের দাম্পত্য জীবনে সহ-ধর্মিনী রোমানা বাবলু ও একমাত্র পুত্র সন্তান নাফি হাসান শব্দ’কে সাথে নিয়ে তিনি নগরীর নাজির মহল্লা এলাকার ভাড়াটিয়া বাসায় থাকেন।