Day: November 8, 2019

  • ধেয়ে আসছে ‌‘বুলবুল’: বেশি ঝুঁকিতে ভোলা, বরগুনা ও পিরোজপুর

    ধেয়ে আসছে ‌‘বুলবুল’: বেশি ঝুঁকিতে ভোলা, বরগুনা ও পিরোজপুর

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলবর্তী ৭টি জেলা অতি ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান।

    অতিঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা।

    ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরো জানান, আগামীকাল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এটির কারণে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

    এছাড়া ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপকূলবর্তী সকল জেলা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপকূলবর্তী এলাকার জনগণকে সরিয়ে নিতে বলা হয়েছে।

    এদিকে বিকেল ৩টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সভা ডাকা হয়। এতে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলবর্তী খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ ১৩টি জেলায় ২ হাজার প্যাকেট করে মোট ২৬ হাজার প্যাকেট শুকনা খাবার এবং প্রতি জেলায় ৫ লাখ টাকা করে অগ্রিম বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়।

  • গলাচিপায় ‘বুলবুল’র প্রভাব শুরু

    গলাচিপায় ‘বুলবুল’র প্রভাব শুরু

    ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় উপজেলা গলাচিপায়। বৃহস্পতিবার রাত ১১টা থেকে হালকা দমকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর আজ শুক্রবার সকাল থেকে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা দমকা বাতাস বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের বার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে গলাচিপার তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা।

    ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় গলাচিপা উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় উপজেরা নির্বাহী অফিসারের কার্যালয় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরি সভায় (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ আখতার মোর্শেদসহ কৃষি বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শাহ মো. রফিকুল ইসলাম জানান, এরই মধ্যে উপজেলার সবকটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ ঝূঁকিপূর্ণ ইউনিয়ন চরকাজল, চরবিশ্বাস, পানপট্টি, গলাচিপা সদর ইউনিয়ন এবং চরবিশ্বাস ইউনিয়নের দ্বীপচর চরবাংলা, গলাচিপা ইউনিয়নের দ্বীপ চরকারফারমায় অতিরিক্ত নজরদারির মধ্যে রাখা হয়েছে। এসব ইউনিয়ন ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সরকারি বেসরকারি উঁচু ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে। গবাদি পশু যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেওয়া যায় সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া শুকনো খাবার ও মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। উপজেলা সদরে কন্ট্রোল রুম খুলে সবকিছুই তদারকি করা হচ্ছে।

    এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে ঘূর্ণিঝড় বুলবুলের খবর পেয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা এলাকায় ফিরতে শুরু করেছেন। সব জেলেরা না আসলেও অধিকাংশ জেলেরা তীরে বা কাছাকাছি এসেছেন বলে জানান গলাচিপার পক্ষিয়া গ্রামের ইলিশ ট্রলারের মাঝি মিলন গাজী।

    গলাচিপা উপজেলা অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা শুক্রবার সকাল থেকেই ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বেড়িবাঁধের বাইরে বসবাসরত জনবসতিদের নিরাপদ আশ্রয় যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

  • বরিশালে পারিবারিক অশান্তির জেরে স্কুলছাত্রীর গলায় ফাঁস

    বরিশালে পারিবারিক অশান্তির জেরে স্কুলছাত্রীর গলায় ফাঁস

    বরিশালে পারিবারিক অশান্তির জেরে ফারজানা পারভীন রিয়া (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়েছে।

    শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের অক্সফোর্ড মিশন রোডের ভাড়া বাসায় এ ঘটনায় ঘটে।

    ফারজানা পারভীন রিয়া স্থানীয় মথুরানাথ পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো। সে বাকেরগঞ্জ জেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের সেলিম আকনের মেয়ে। তারা সপরিবারে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, বাবা হালিম আকন দিনমজুর হওয়ায় সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। এর জেরে পারিবারিক কলহ-বিবাদ বেড়েই চলছিলো। এছাড়া রিয়াকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিলেও অভাবের কারণে তা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে অশান্তির জেরে সকালে নিজ ঘরে আত্মহত্যা করে রিয়া। এরআগেও রিয়ার বিয়ে হয়েছিলো। তা ভেঙে (ডিভোর্স) যাওয়ায় রিয়া বাবার সংসারে থাকতো।

    কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, রিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আপাতদৃষ্টিতে আত্মহত্যা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। তবে তারপরও ঘটনা খতিয়ে দেখা হবে।

  • বরিশাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

    বরিশাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার বিকেল সোয়া ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আজমল হুদা মিঠু সরকার।

    তিনি জানান, বৈরী আবহাওয়ার পাশাপাশি বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটের ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

    এদিক ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশাল-ঝালকাঠিসহ উপকূলীয় এলাকায় মাঝারি ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর ও বরিশাল-পটুয়াখালী-ভোলা নদীবন্দরসহ আশপাশের এলাকার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- এখন চার নম্বর সতর্কতা সংকেত রয়েছে। সতর্ক সংকেত আরও বাড়বে। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল বরাবর অগ্রসর হবে।

    আজ দুপুর পৌনে ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ‘বুলবুল’ একই এলাকায় অবস্থান করছে।

    ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

    প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

    এর আগে শুক্রবার ভোর ৬টায় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।’

  • শক্তিশালি ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসছে, ৭ নম্বর বিপদ সংকেত

    শক্তিশালি ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসছে, ৭ নম্বর বিপদ সংকেত

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাদের মতে, ঘূর্ণিঝড়টি কাল শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তীব্র সাইক্লোনে রূপ নিয়েছে বুলবুল।

    ইতোমধ্যে চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার বিকেলে আবহাওয়া অফিস এই তথ্য জানায়।

    আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। ছয় ঘণ্টার ব্যবধানে ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

    ঘূর্ণিঝড়টির অবস্থান সম্পর্কে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকালে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম বন্দর থেকে ৭৬৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

    শুক্রবার সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলসহ অধিকাংশ এলাকায় বিরাজ করছে মেঘলা আবহাওয়া, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ির বৃষ্টিও হচ্ছে।

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও জেটিতে দুপুর পর্যন্ত পণ্য খোলাস কার্যক্রম স্বাভাবিক থাকলেও সংকেত বাড়লে নিরাপত্তার স্বার্থে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন।

    এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তরের নির্ধারিত তালিকা থেকে ধারাবাহিকভাবে এই অঞ্চলের ঝড়ের নাম দেওয়া হয়। বুলবুল নামটি নেওয়া হচ্ছে পাকিস্তানের প্রস্তাবিত নামের তালিকা থেকে।

    ভারতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটামুটি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে এগিয়েছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ ঝড় শক্তি সঞ্চয় করতে থাকবে।

    এরপর সামান্য বাঁক নিয়ে উত্তরমুখী হয়ে এগোবে শনিবার সকাল পর্যন্ত। তারপর আরো বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার প্রথম প্রহরে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝ দিয়ে সুন্দরবন অঞ্চল হয়ে উপকূল অতিক্রম করতে পারে।

    তখন ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে বাতাসের একটানা গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বুলেটিনেও মোটামুটি একই পূর্বাভাস দেওয়া হয়েছে ।

  • সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক : মেয়র সাদিক

    সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক : মেয়র সাদিক

    সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের ফান্ডে ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক। এর মধ্যে সাংবাদিকরা লিখনীর মাধ্যমে জনগনের কথা বলে আর রাজনীতিবিদরা জনগনের জন্য রাজনীতি করেন। তাই দেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে তাতে এক সাথে কাজ করা গেলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

    মেয়র শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকতার পথিকৃৎ মাইনুল হাসানের ১৫তম মৃত্যুবার্ষিকী সাংবাদিক মাইনুল হাসান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন।

    পরিষদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়র আরো বলেন, আমি আমার পরিবার থেকে গুনীজনদের সন্মান করা শিখেছি। আমি নিজের স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে কাজ করি। নগরবাসীর স্বার্থে কাজ করি। আমার ব্যক্তিগত কোন দূর্বলতা নাই। আমি অন্যায় করিনা এবং অন্যায়কে প্রশয় দেইনা। আমার বিবেক যেটা বলে আমি সেটা করি। সত্যটাকে সত্য বলি। আমাদের সংগঠনের কেউ যদি অবৈধ কর্মকান্ডে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

    মেয়র বলেন, আজ আমাদের ব্যক্তিস্বার্থ ভুলে সমাজ ও দেশের স্বার্থ চিন্তা করতে হবে। সাদাকে সাদা আরা কালাকে কালা বলতে হবে। রাজিৈনত মতবিরোধ থাকতেই পারে কিন্তু আগে আমাদের বরিশালের স্বার্থ সর্বোপরি দেশের স্বার্থ দেখতে হবে।

    মেয়র সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি যদি ভালো কাজ করি সেটা প্রচার করুন আবার যদি কোন অন্যায় করি তাহলে তাও লিখুন। আসুন আমরা সকলে মিলে গুনীজনদের পথ অনুসরন করে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী উপহার দেই।

    অনুষ্ঠানে সংবর্ধিত গুনীজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীন সাংবাদিক অ্যাড. এস এম ইকবালের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহ। নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল-এর সভাপতি গোপাল সরকার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, রাজনীতিবিদ অধ্যা. মহসিন উল ইসলাম হাবুল, অ্যাড. আঃ হাই মাহবুব, অ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক পুলক চ্য্টার্জী প্রমুথ বক্তব্য রাখেন।

    সংবর্ধিত গুনীজনের জীবনী পাঠ করেন সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক মুরাদ আহমেদ।

  • বুলবুল’র তাণ্ডব: বরিশালে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

    বুলবুল’র তাণ্ডব: বরিশালে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

    বাংলাদেশের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে উপকূলীয় অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল এই জলোচ্ছ্বাসের আওতায় রয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    অন্যদিকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

    চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৬ নম্বর নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

    কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গেপসাগর এলাকায় অবস্থান করছে।

    এটি আজ (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

    এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল (৯ নভেম্বর) সন্ধ্যা নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় শনিবার ভোর থেকে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

  • ঘূর্ণিঝড় বুলবুল’র তাণ্ডবে সমুদ্রে ট্রলারডুবি: ১৮ জেলে নিখোঁজ

    ঘূর্ণিঝড় বুলবুল’র তাণ্ডবে সমুদ্রে ট্রলারডুবি: ১৮ জেলে নিখোঁজ

    উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তাল সমুদ্র থেকে ফেরার পথে অন্তত ১৮ জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

    শুক্রবার বঙ্গোপসাগরে পটুয়াখালীর মাছ ধরার ট্রলারে থাকা অন্তত ১৮ জেলে নিখোঁজ হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। তাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ জেলেদের পরিচয় জানা যায়নি।

    এদিকে চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • জাবি উপাচার্যের দুর্নীতির নথি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন আন্দোলনকারীরা

    জাবি উপাচার্যের দুর্নীতির নথি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন আন্দোলনকারীরা

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসালামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে উপাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে শিক্ষদেরকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    সেই আহ্বানের প্রেক্ষিতে ছয় পাতার অভিযোগপত্র ও ৭০ পাতার নথি শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে ই-মেইলযোগে পাঠানো হয়েছে। এছাড়া স্বশরীরে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ ও নথিপত্র দেওয়া জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা।

    শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আন্দোলনকারী দুই শিক্ষক অভিযোগ ও নথিপত্র শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে জমা দেওয়ার জন্য ক্যাম্পাস ত্যাগ করেন।

    বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ছয় পাতার অভিযোগপত্র এবং সঙ্গে প্রায় ৭০ পাতার নথি সংযুক্ত করা হয়েছে। সেগুলো নিয়ে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক তারেক রেজা ও খন্দকার হাসান মাহমুদ শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আলিম খানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তার কাছেই এগুলো জমা দেওয়া হবে।

  • দুনিয়াতে জুমআ আদায়কারীর জন্য জান্নাতে যে পুরস্কার সুনিশ্চিত

    দুনিয়াতে জুমআ আদায়কারীর জন্য জান্নাতে যে পুরস্কার সুনিশ্চিত

    মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের দিন শুক্রবার। এদিন জোহরের পরিবের্ত ইমামের খুতবা ও জামাআতে ২ রাকাআত নামাজ আদায় করে মুমিন মুসলমান। এটি মহান আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন-
    হে মুমিনগণ! জুমআর দিনে যখন নামাজের নজ্য আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত চলে যাও এবং বেচা-কেনা বন্ধ কর।এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ।’ (সুরা জুমআ : আয়াত ৯)

    জুমআর নামাজের ব্যাপারেই কুরআনের এ ঘোষণা। জুমআর নামাজ আদায়কারী ব্যক্তিই দুনিয়াতে পাবে উত্তম রিজিক। কেননা নামাজ পড়া শেষ হলেই আবার রিজিকের সন্ধ্যানে জমিনে বিচরণের কথা বলা হয়েছে।

    হাদিসে পাকে জুমআ আদায়কারী ব্যক্তির সুখবর ঘোষণা করা হয়েছে। দুনিয়াতে যারা জুমআ আদায় করেছে, জান্নাতেও তারা প্রতি জুমআর দিন একত্রিত হবে। হাদিসের বর্ণনায় সে ঘটনা এভাবে এসেছে-
    ‘জান্নাতেও প্রত্যেক জুমআর দিন জান্নাতি ব্যক্তিদের হাট বসবে। জান্নাতি লোকেরা প্রত্যেক সপ্তাহে সেখাবে একত্রিত হবে। তখন সেখানে এমন মনমুগ্ধকর বাতাস প্রবাহিত হবে, যে বাতাসে জান্নাতিদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে। আর তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে। (শুধু তাই নয়, ওই সব ব্যক্তিদের) স্ত্রীদের বেলায়ও অনুরূপ সৌন্দর্য বেড়ে যাবে (যা দেখে জান্নাতি ব্যক্তিরাও অভিভূত হয়ে যাবে)।’ (মুসলিম)

    দুনিয়াতে মানুষ যেভাবে সুন্দর ও উত্তম পোশাকে সজ্জিত হয়ে জুমআর নামাজ আদায় করে। ঠিক জান্নাতেও আল্লাহ তাআলা তার ওই সব জান্নাতি বান্দাকে জান্নাতের মনমুগ্ধকর বাতাস ও সৌন্দর্য দ্বারা আলোকিত করে দেবেন। তাদের স্ত্রীদের রূপ সৌন্দর্যও বাড়িয়ে দেবেন। যাতে তারা তা উপভোগ করতে পারে।

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়াতে উত্তম ও যথাযথভাবে জুমআর নামাজ আদায় করার তাওফিক দান করুন। উত্তম রিজিক ও সর্বোত্তম প্রতিদান লাভের তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।